কালিয়াকৈরে পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুরে গতকাল সোমবার একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুলিশ একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে ছয়টি গুলি ও দুটি ম্যাগাজিনও উদ্ধার করে।পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) চান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সূত্রাপুরের শিলাবৃষ্টি সিএনজি পাম্পের সামনে বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় পুলিশ সাইদুল ইসলাম (২৫) নামের এক যুবকের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, ছয়টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে। পরে পুলিশ সাইদুলের সহযোগী মাহফুজুর রহমানকে (২৫) গ্রেপ্তার করে।সাইদুল ইসলাম ঢাকার উত্তরখান থানার মাদারটেক গ্রামের বাসিন্দা ও মাহফুজুর রহমানের বাড়ি ফরিদপুর সদর উপজেলার দুপারটেক গ্রামে।সাইদুল জানান, তাঁরা সাত-আটজন বন্ধু মিলে দিনাজপুরের স্বপ্নপুরীতে বেড়াতে যান। সেখানে মোকলেছ নামের এক ব্যক্তির কাছ থেকে তাঁরা পিস্তলটি নিয়ে আসেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।