কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।
নিহত ব্যক্তিরা হলেন জয়দেবপুর থানার বুরুলিয়া এলাকার আবুল কাশেম মিয়ার মেয়ে কামরুন নাহার (২২) ও কালিয়াকৈর উপজেলার আশাপুর এলাকার আবদুল আজিজ (৪৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে হিরা মিয়া নামের এক বন্ধুর মোটরসাইকেলে করে কামরুন নাহার কালিয়াকৈরের চন্দ্রার দিকে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়।কামরুন নাহার ও হিরা মিয়া মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই কামরুন নাহার মারা যান। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় হিরা মিয়াকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এদিকে গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় বাস থেকে নামার সময় অন্য একটি বাসের চাপায় আবদুল আজিজ নিহত হন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজনের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।