কালিয়াকৈরে পৃথক হামলা দুই নারীসহ আহত ৬
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় ব্যবসায়ীদের এবং হরিণহাটি এলাকায় কারখানাশ্রমিকদের ওপর গত বুধবার রাতে হামলার ঘটনা ঘটেছে। পৃথক হামলার ঘটনায় দুই নারীসহ ছয়জন আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের ব্যবসায়ী নুরুল মিয়া, রফিকুল ইসলাম, মফিজ উদ্দিন ও লিটন মিয়া কাজ শেষে সফিপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ব্যবসায়ীরা সফিপুর পূর্বপাড়া এলাকায় পৌঁছামাত্র একই এলাকার মজিবুর রহমানের নেতৃত্বে ১০-১২ জন তাঁদের ওপর হামলা চালায়। এতে চারজন ব্যবসায়ী গুরুতর আহত হন। এ সময় ওই ব্যবসায়ীদের কাছ থেকে দুই লাখ ৩০ হাজার টাকা ও চারটি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। ব্যবসায়ীদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।এ ব্যাপারে ব্যবসায়ী সমশের আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। অপর দিকে উপজেলার হরিণহাটি এলাকায় সাইদ আলীর বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আছমা বেগম (৩৮) ও শিল্পি আক্তার (১৮) নামে দুজন কারখানাশ্রমিককে পিটিয়ে আহত করেছেন বাড়ির মালিকের বোন শিল্পী বেগম। পরে তাঁদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, মারামারির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।