ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক তৈরির কারখানা গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আকস্মিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সূত্র জানায়, উপজেলার মৌচাক এলাকার পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার সুইং সেকশনের শ্রমিক শাহিদা আক্তার গত রোববার কাজ বাদ দিয়ে নামাজের ঘরে বসে ছিলেন। বিষয়টি উৎপাদন ব্যবস্থাপক (পিএম) শহিদুল ইসলাম জানতে পেরে তাঁকে ডেকে বকাঝকা ও চড়-থাপর মারেন। শাহিদা বিষয়টি অন্য শ্রমিকদের জানালে উত্তেজিত শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। তাঁরা উৎপাদন ব্যবস্থাপক শহিদুল ও লাইন চিফ খোরশেদ আলমকে মারধর করেন। পাশাপাশি তাঁরা কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়ে যান।কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে গতকাল সকালে কারখানা গেটে অনির্দিষ্টকাল কারখানা বন্ধ ঘোষণাসংবলিত একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়। শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে বিজ্ঞপ্তি দেখে বিক্ষোভ করেন। এ ছাড়া তাঁরা বেশ কিছু সময় কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘটও করেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, কারখানার ওই দুই কর্মকর্তা প্রায়ই শ্রমিকদের মারধর করেন। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। বরং উল্টো নির্যাতন আরও বাড়ে। ওই দুই কর্মকর্তাকে বরখাস্ত না করলে কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান শ্রমিকেরা। এদিকে পূর্বাণী গ্রুপের উপমহাব্যবস্থাপক আরিফুল ইসলাম কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকদের অভিযোগ সত্য নয়। তাঁরা অযথাই দুই কর্মকর্তাকে মারধর করেছেন। ওই দুই কর্মকর্তা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুই পক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছা সম্ভব হলে কারখানা খুলে দেওয়া হবে। গাজীপুর শিল্প পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) দেওয়ান লালন আহমেদ জানান, কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।