ত্রুটিপূর্ণ বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) ব্যবহার করে পরিবেশদূষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানাকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষের লোককে ঢাকায় পরিবেশ অধিদপ্তরে তলব করে ওই জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তর জানায়, কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা এলাকার ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানায় সম্প্রতি পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় দেখা যায়, কারখানাটির ত্রুটিপূর্ণ ইটিপির ফলে নির্গত তরল বর্জ্য পরিবেশের ক্ষতি করছে। গতকাল ওই কারখানার মালিককে ঢাকায় তলব করা হয়। শুনানি শেষে অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর পরিবেশগত ক্ষতিসাধনের অপরাধে ওই কারখানাকে আট লাখ টাকা জরিমানা করেন।মো. আলমগীর বলেন, তলবের সময় কারখানার মালিক ছিলেন না। তাঁর প্রতিনিধি এসে অপরাধ স্বীকার করে ক্ষমা চান এবং প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।