গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা (পল্লী বিদ্যুৎ) এলাকায় গতকাল রোববার রাতে একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। এ সময় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ করেন। ঘটনার ছবি তুলতে গেলে শ্রমিকেরা এক টিভি সাংবাদিককে লাঞ্ছিত ও তাঁর ক্যামেরা ভাঙচুর করেন। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ওই এলাকার আইমন টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকেরা কয়েক মাস ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে মাসের ৫ থেকে ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করে নানা টালবাহানা করে আসছে। একইভাবে গতকাল বিকেলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেবে বলে কাগজের টোকেন দেওয়া শুরু করে। শ্রমিকেরা টোকেন হাতে নিয়ে রাত আটটা পর্যন্ত অপেক্ষা করে কিন্তু বেতনের টাকা না পেয়ে তাঁরা বিক্ষোভ ও ব্যাপক ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে কারখানার মূল ফটক ভেঙে ঢাকা-টাঙ্গাইল মহাড়কের ওপর অবস্থান নেন। উত্তেজিত শ্রমিকেরা কারখানার বিভিন্ন আসবাব ভেতর থেকে বের করে এনে মহাসড়কের ওপর রেখে তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় কিছু বিক্ষুব্ধ শ্রমিক কর্তৃপক্ষের লোকজনকে ভেতরে অবরোধ করে রাখেন। এদিকে, বিক্ষুব্ধ শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধের ছবি তুলতে গেলে উত্তেজিত শ্রমিকেরা বাংলাভিশন চ্যানেলের গাজীপুর প্রতিনিধি শাহজান মিয়ার ক্যামেরা ভেঙে ফেলেন এবং তাঁকে লাঞ্ছিত করেন। তাঁরা আগুন ধরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখার ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে ৫ থেকে ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ এলাকায় গিয়ে শ্রমিকদের ধাওয়া করে কারখানা ও মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত সাড়ে নয়টায় শ্রমিকেরা মহাসড়কের পাশে অবস্থান নেন। মহাসড়ক থেকে শ্রমিকেরা সরে গেলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। কারখানার নির্বাহী পরিচালক মোহাম্মদ হোসেন জানান, ‘শ্রমিকদের গতকাল বেতন দেওয়ার কথা ছিল কিন্তু ঢাকা থেকে টাকা আসতে দেরি হওয়ায় সময়মতো বেতন দিতে পারিনি। এর ফলে শ্রমিকেরা আমাদের অবরোধসহ ভাঙচুর করেন। তবে আজ সোমবার বেতন পরিশোধ করা হবে।’ কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, ওই কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।