কালিয়াকৈরে পোশাক কারখানার ২৮১ জন শ্রমিক ছাঁটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার দুটি পোশাক কারখানার ২৮১ জন শ্রমিককে গতকাল শনিবার ছাঁটাই করা হয়েছে। কারখানায় ভাঙচুর ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের ছাঁটাই করা হয়।কারখানা কর্তৃপক্ষ ও শিল্পাঞ্চল পুলিশের সূত্রগুলো জানায়, চন্দ্রা এলাকায় একই মালিকের মাহমুদ জিনস লিমিটেড ও মাহমুদ ওয়াশিং প্ল্যান্ট নামের দুটি কারখানায় এক-দেড় মাস ধরে শ্রমিক-অসন্তোষ চলে আসছিল। সম্প্রতি মাহমুদ জিনস কারখানায় ভাঙচুর ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় ১৩ শ্রমিককে ছাঁটাই করা হয়। একই ঘটনায় ১০-১২ জন শ্রমিককে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা করা হয়। একপর্যায়ে দুটি কারখানাই বন্ধ করে দেওয়া হয়। ছয়-সাত দিন বন্ধ থাকার পর গতকাল দুটি কারখানা খুলে দেওয়া হয়।গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে জানতে পারেন, ২৮১ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তাঁদের ছবিসহ নামের তালিকা কারখানার সামনে টাঙিয়ে দেওয়া হয়। এ সময় ছাঁটাই হওয়া শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কিন্তু কারখানার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।মাহমুদ জিনস কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. রায়হান শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী দু-তিন দিনের মধ্যে ছাঁটাই করা শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে।