কালিয়াকৈরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নূর গ্রুপের তৈরি পোশাকের একটি কারখানায় আগুন লেগেছে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে পাঁচজন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে যাচ্ছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে নূর গ্রুপের রাইয়ান নীট কম্পোজিট লি. নামে তৈরি পোশাক কারখানায় আগুন লাগার এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, নূর গ্রুপের ওই কারখানায় ছয়তলা ভবনের দ্বিতীয় তলার কাটিং সেকশনের স্টোর রুমে আগুন লাগে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে পাঁচজন শ্রমিক আহত হয়। কারখানার শ্রমিকেরা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন বাড়তে থাকলে পরে ডিইপিজেড, মির্জাপুর ও সাভার ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
এ খবর লেখা পর্যন্ত (বেলা সাড়ে তিনটা) আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ করছে।