গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শনিবার একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কারখানার কর্মকর্তাসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় নূর গ্রুপের পাশাপাশি দুটি কারখানা রয়েছে। দুটি কারখানার প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাইয়ান নিট কম্পোজিট লিমিটেড নামে কারখানার দ্বিতীয় তলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো সেকশনে ছড়িয়ে পড়ে। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয় কর্তৃপক্ষ। পরে গাজীপুর, কালিয়াকৈর, টঙ্গী, ঢাকার ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে কারখানার ওই সেকশনে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবরে দুটি কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ও আগুন নেভাতে গিয়ে ওই কারখানার কর্মকর্তা নুর নবী, সোহেল রানা, মোখলেছুর রহমান, রিপন হোসেন, হারুন অর রশিদ, বিল্লাল হোসেন, আশরাফ মিয়া, মোস্তাফিজুর রহমানসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
রাইয়ান নিট কম্পোজিট কারখানার জেনারেল ম্যানেজার এ কে এম জহিরুল হক বলেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামান লিটন বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করার সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।