কালিয়াকৈরে পোশাক কারখানায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা এলাকার একটি সুতা ও কাপড় তৈরির কারখানায় বুধবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল কারখানা থেকে অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতের আঘাতে ওই কারখানার নিরাপত্তাকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, উপজেলার হাটুরিয়াচালা এলাকার ট্রাস্ট ফেব্রিক্স অ্যান্ড নিটিং লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় বুধবার রাত দেড়টার দিকে ২০-২৫ জনের একদল ডাকাত সীমানাদেয়াল টপকে ভেতরে ঢোকে। পরে ডাকাতদল কারখানার প্রশাসনিক কর্মকর্তা জামান মো. নাঈম, নিরাপত্তকর্মী ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। ডাকাতদলের সদস্যরা মূল ফটকের কলাপসিবল গেট ভেঙে কারখানার গুদামের ভেতরে ঢোকে। এ সময় তারা কারখানার ভেতর থেকে প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটপাট করে। এ সময় কর্মকর্তারা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা প্রশাসনিক কর্মকর্তা জামান মো. নাঈম, অপারেটর আনোয়ার, সাফিকুল, কিউসি শাজাহান ও নিরাপত্তাকর্মী শওকত আলীকে বেদম মারধর করে বেঁধে রেখে মালামালসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে এবং মৌচাক পুলিশ ফাঁড়িকে খবর দেয়। মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাত সদস্যরা পালিয়ে যায়। কারখানার প্রশাসনিক কর্মকর্তা জামান মো. নাঈম জানান, ডাকাত সদস্যরা নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে ব্যবস্থাপক লুৎফর রহমান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।