কালিয়াকৈরে পোশাক কারখানায় বিক্ষোভ ভাঙচুর, ছুটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন শ্রমিককে মারধর করার জের ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার একটি পোশাক কারখানায় গতকাল শুক্রবার সকালে শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ ও ভাঙচুর করেছেন। এ ঘটনার পর কর্তৃপক্ষ ওই কারখানা এক দিনের জন্য ছুটি ঘোষণা করে।কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় কারখানার নিরাপত্তাকর্মী খোরশেদ ওয়াশিং বিভাগের একজন শ্রমিককে প্যান্ট চুরির অভিযোগে আটক করেন। এ ঘটনা নিয়ে শ্রমিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিরাপত্তাকর্মী খোরশেদ ও তাঁর সহযোগীরা ওই শ্রমিককে ব্যাপক মারধর করেন। এ খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে তাঁরা কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। তাঁরা ওই নিরাপত্তাকর্মীদের বিচারের দাবি জানান। এ ছাড়া উত্তেজিত শ্রমিকেরা নিরাপত্তারক্ষীদের কক্ষের গ্লাস ভাঙচুর করেন। পরে শ্রমিকেরা কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করে। এরপর শ্রমিকেরা আবার কারখানার ভেতরে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে কারখানা কর্তৃপক্ষ ওই নিরাপত্তাকর্মীদের বিচার করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার পর ওই কারখানা গতকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মাহমুদ রায়হান জানান, প্যান্ট চুরির অভিযোগ তদন্ত এবং ওই অভিযোগে একজন শ্রমিককে পেটানোর ঘটনায় জড়িত নিরাপত্তাকর্মীদের বিচার করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়।গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (অপারেশন) দেওয়ান লালন আহাম্মেদ বলেন, শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।