কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার নুরুল ওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানার উৎপাদন ব্যবস্থাপকের অপসারণের দাবিতে ওই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে ওই কারখানার উৎপাদন ব্যবস্থাপক জিহান আহাম্মেদ শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। এ নিয়ে কয়েক দিন ধরে শ্রমিকেরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাঁকে অপসারণের দাবি জানিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে শ্রমিকেরা ওই দাবিতে কর্তৃপক্ষের কাছে যান। এ সময় কর্তৃপক্ষ শ্রমিকদের এ দাবি মানা হবে না বলে জানান। এ খবর ছড়িয়ে পড়লে কারখানার প্রায় পাঁচ হাজার শ্রমিক বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা কারখানার মূল ফটকের সামনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেন।কারখানার মহাব্যবস্থাপক পুলক কুমার চৌধুরী বলেন, উৎপাদন ব্যবস্থাপকের অপসারণের দাবিটি অযৌক্তিক। কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।