কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে গতকাল রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা কয়েকটি যানবাহন ও কারখানায় ভাঙচুর চালান। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব চান্দরা এলাকার ফেয়ারট্রেড লিমিটেড নামের ওই পোশাক কারখানায় প্রতিমাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হয়। কিন্তু গত দুই মাস থেকে কর্তৃপক্ষ এ নিয়ম মানছে না। গত জানুয়ারি মাসের বেতনের জন্য সম্প্রতি শ্রমিকেরা কর্তৃপক্ষের কাছে গেলে কর্তৃপক্ষ ১০ তারিখে বেতন দেওয়া হবে বলে জানায়। কিন্তু গত ১০ তারিখে বেতন পরিশোধ না করে কর্তৃপক্ষ গতকাল রোববার বেতন পরিশোধ করা হবে বলে জানায়। গতকাল দুপুর পর্যন্ত বেতন পরিশোধ না করায় কয়েক শ শ্রমিক কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে শ্রমিকেরা কারখানাসংলগ্ন সফিপুর-বড়ইবাড়ী সড়ক অবরোধ করেন। এ সময় কয়েকটি অটোরিকশা ও টেম্পো ভাঙচুর করা হয়। পরে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার গ্লাস ভাঙচুর করেন। খবর পেয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ও কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত আর্মড পুলিশ এসে শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনার সত্যতা স্বীকার করে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মোশারফ হোসেন বলেন, জানুয়ারি মাসের বেতন দিতে একটু দেরি হওয়ায় শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। আগামী দুই দিনের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।গতকাল বিকেলে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।