কালিয়াকৈরে পোশাক কারখানায় ৬৬ শ্রমিক ছাঁটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার গতকাল শুক্রবার সকালে একটি পোশাক তৈরির কারখানার ৬৬ শ্রমিক ছাঁটাই করা হয়েছে। পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করায় শ্রমিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড কারখানায় বিভিন্ন সময়ে অহেতুক বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল শুক্রবার ৬৬ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে। বিজিএমইএর শ্রমিক আইন অনুযায়ী ছাঁটাইকৃত শ্রমিকদের সব পাওনাদি ও তিন মাসের বেতন পরিশোধ করা হয়েছে।নারীশ্রমিক সুইং শাখার মাজেদা আক্তার ও মেহেদী মাসুদ জানান, ঈদের ছুটিতে বাড়িতে গেলে ঈদের পরদিন হঠাৎ কারখানা থেকে ফোন আসে। মোবাইল ফোনে জানানো হয়, ‘তোমার চাকরি নেই, তুমি ১১ নভেম্বর (গতকাল শুক্রবার) সকালে এসে টাকা নিয়ে যাবা। চাকরি নেই শুনেই ঈদের আনন্দ শেষ হয়ে গেছে। আমার কি অপরাধ, কেনই বা চাকরি গেল, তা কিছুই জানি না।’ তিনি আরও জানান, অন্য শ্রমিকদেরও ফোনে চাকরি নেই বলে খবর দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী পাওনাদি পরিশোধ করেছে।গাজীপুরে শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক কবীর হোসেন জানান, কারখানায় বিশৃঙ্খলা ও কাজে অবহেলার অভিযোগে কর্তৃপক্ষ ৬৬ জনকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকেই কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।কারখানার উপব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. রায়হান জানান, চাকরি থেকে ছাঁটাই নয়, তাঁরা নিজেরা ইচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন।