কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ করে। এ সময় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কর্তৃপক্ষ শ্রমিকদের শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে ১৫ আগস্ট ছুটি ঘোষনা করে। কিন্তু শ্রমিকেরা সাপ্তাহিক ছুটি শুক্রবারসহ ১৫ আগস্ট শোক দিবসেরও ছুটি দাবি করে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে না নিলে শ্রমিকেরা কাজ বন্ধ করে প্রধান গেটের সামনে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা অবরোধ করে রাখে। শ্রমিকদের অবরোধের ফলে দুপুর দুইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ওই সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের ফলে কালিয়াকৈর-নবীনগর সড়ক ও কালিয়াকৈর-জয়দেবপুর সড়কের প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। কারখানার মহাব্যবস্থাপক ফিরোজ হোসেন জানান, ঈদের আগে কাজের চাপ থাকায় ছুটি বাতিল করা হয়েছিল। কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান রাসেল জানান, শ্রমিকেরা সড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া চন্দ্রা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।