কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার ফেয়ারটেড লিমিটেড নামের পোশাক তৈরির কারখানার শ্রমিকেরা অতিরিক্ত কাজের মজুরির দাবিতে গতকাল বুধবার বিকেলে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা ভাঙচুর ও আঞ্চলিক সড়ক অবরোধ করেন।শ্রমিকেরা অভিযোগ করেন, ফেয়ারটেড কর্তৃপক্ষ শ্রমিকদের গত মাসের অতিরিক্ত কাজের মজুরি না দিয়ে টালবাহানা করে। কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা টাকা গতকাল দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বিকেল পর্যন্ত মজুরি না পাওয়ায় শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকেরা সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার বেশ কয়েকটি গ্লাস ভাঙচুর করেন। কারখানার ব্যবস্থাপক আবদুল মালেক জানান, শ্রমিকেরা বহিরাগতদের উসকানিতে বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করেন। পাওনা পরিশোধের ঘোষণা দিলে তাঁরা শান্ত হন।