কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদুৎ এলাকার একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা গতকাল শুক্রবার বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ, কর্মবিরতি ও ভাঙচুর করেছেন।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার আহসান কম্পোজিট লিমিটেড নামের পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা চলতি মাসের অর্ধেক বেতন ও মূল বেতনের সমপরিমাণ বোনাসের দাবিতে গতকাল সকাল ১০টার দিকে কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল ও কারখানায় ভাঙচুর চালান। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার পাশের পল্লীবিদুৎ-মাটিকাটা আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকেরা কয়েকটি রিকশা ভাঙচুর করেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে শ্রমিকেরা আবারও কারখানার ভেতরে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে কারখানা কর্তৃপক্ষ আগামী রোববার বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতন দেওয়ার ঘোষণা দিয়ে কারখানা ওই দিনের জন্য ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা শান্ত হয়ে বাসায় চলে যান।গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ওই কারখানার পরিস্থিতি শান্ত রয়েছে।