কালিয়াকৈরে পৌর প্রশাসকের অপসারণ দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা প্রশাসকের অপসারণ ও সফিপুর বাজারে পৌরভবন নির্মাণের দাবিতে গতকাল শুক্রবার পৌরসভা নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।নাগরিক সমাজ সূত্রে জানা গেছে, গত ২০০১ সালের ১৫ জুন তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী ও বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান পৌরসভার ভবনের জন্য সফিপুর বাজার এলাকায় স্থান নির্ধারণ করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমান পৌর প্রশাসক মজিবুর রহমান ক্ষমতার অপব্যবহার করে একক সিদ্ধান্তে মহিষবাথান এলাকায় একটি জমিতে মাটি ভরাট করে পৌরসভার ভবন নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।নাগরিক সমাজ স্থানীয় সরকারমন্ত্রী, সাংসদ গাজীপুর-১, জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছে।প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নাগরিক সমাজের আহ্বায়ক মোশাররফ হোসেন সিকদার। সভায় বক্তব্য দেন মৌচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হালিম ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কলিম উদ্দিন, নেহাল উদ্দিন প্রমুখ।