কালিয়াকৈরে প্রকাশ্যে কুপিয়ে যুবককে হত্যা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় গতকাল বুধবার সকালে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার সফিউল্লার ছেলে মো. ইকবাল (৩০)।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাখালিয়াচালা এলাকার সেনিস ইন্ডাস্ট্রিজের সামনে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ইকবাল একটি মোটরসাইকেলে অবস্থান করেন। ওই সময় অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী ইকবালকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় তিনি দৌড়ে গিয়ে স্থানীয় দুলালের বাড়ির সামনে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ইকবালের পিঠে, ডান কানের পাশে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।পুলিশের ধারণা, মাদক ব্যবসাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে।গাজীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক হোসেন জানান, ইকবালের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় চার-পাঁচটি মামলা রয়েছে। তিনি জেলও খেটেছেন।