কালিয়াকৈরে প্রতারণার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এবাদিয়া দারুল উলুম মাদ্রাসার ৪৮ জন শিক্ষার্থী এ বছরের দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারার ঘটনায় গতকাল বৃহস্পতিবার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম ইব্রাহীম খলিল। তিনি উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, প্রবেশপত্র না পাওয়ায় ওই শিক্ষার্থীরা গত বুধবার থেকে শুরু হওয়া দাখিল পরীক্ষায় অংশ নিতে পারেনি। ওই দিনই ভুক্তভোগী শিক্ষার্থীরা থানায় একটি অভিযোগ ও পৃথক চারটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তাদের অভিযোগের ভিত্তিতে গতকাল সকালে ইব্রাহীম খলিলকে গ্রেপ্তার করে পুলিশ।অভিভাবকেরা জানান, মাদ্রাসাটি থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিতে ১০১ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। পরীক্ষার আগের দিন ৫৩ জনের মধ্যে প্রবেশপত্র বিতরণ করা হলেও অন্যরা তা পায়নি।মাদ্রাসার অধ্যক্ষ জসিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রতিবছর দেশের বিভিন্ন এলাকার মাদ্রাসা ছাত্রছাত্রীদের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার বিনিময়ে জনপ্রতি আট থেকে ১০ হাজার টাকা করে নিয়ে থাকেন। তবে এবার ওই শিক্ষার্থীরা প্রবেশপত্র না পাওয়ার ঘটনার পর থেকে তিনি পলাতক। তবে মুঠোফোনে এ বিষয়ে অধ্যক্ষ জানান, যারা পরীক্ষা দিতে পারেনি তারা মাদ্রাসার নিয়মিত ছাত্র নয়। তাদের অনুরোধে তিনি এই শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে চেয়েছিলেন। কিন্তু বিষয়টি উপজেলা প্রশাসনে জানাজানি হওয়ায় তারা অংশগ্রহণ করতে পারেনি।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষকদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পালিয়ে আছেন।