কালিয়াকৈরে প্রেক্ষাগৃহে হামলা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার মোহনা নামের একটি প্রেক্ষাগৃহ ও চক তৈরির একটি কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকালে ৩০-৪০ জন দুর্বৃত্ত কলাপসিবল গেট ভেঙে প্রথমে মোহনা প্রেক্ষাগৃহের ভেতরে ঢুকে ক্যানটিন, কাচ, আসবাব, সীমানাপ্রাচীর ও পিভিসি ব্যানার ভাঙচুর করে। নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তারা তাঁদের মারধর করে। পরে তারা পাশের রহিম চক কারখানায় হামলা চালায়। তারা ওই কারখানার গেট ও সীমানাপ্রাচীর ভাঙচুর করে। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
মোহনা প্রেক্ষাগৃহের মালিক ফজলে এলাহী ওরফে মোহন জানান, তিনি ২০ বছর ধরে প্রেক্ষাগৃহ নির্মাণ করে ব্যবসা করছেন। কারা, কেন হামলা করেছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি কালিয়াকৈর থানায় মামলা করেছেন।