কালিয়াকৈরে ফুটবল খেলা নিয়ে হামলায় ১৫ শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের একটি বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার ছাত্রছাত্রীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের খেলায় গতকাল কালিয়াকৈর গোলাম নবী স্কুল মাঠে সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ও বঙ্গমাতা মেয়েরা ৯-০ গোলে কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় পরাজিত হওয়ার পর কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে ওই বিদ্যালয়ের কমপক্ষে ১৫ জন ছাত্রছাত্রী আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর হামলাকারীদের বিচারের দাবিতে সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহামঞ্চদ ফজলে এলাহীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।