কালিয়াকৈরে বখাটেকে আটক করায় বিদ্যালয়ে হামলা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর বি বি উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করায় গত রোববার রসি আহম্মেদ নামের এক বখাটেকে আটক করেন শিক্ষকেরা। এর প্রতিবাদে বখাটে রসি আহম্মেদের পরিবারের সদস্যরা বিদ্যালয়ে হামলা চালিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। এ সময় দুই ঘণ্টা পাঠদান বন্ধ ছিল।বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা জানায়, ওই দিন দুপুরে চাপাইর এলাকার আবদুর রহিমের ছেলে রসি আহম্মেদ (২৪) ও তাঁর দুই বখাটে বন্ধু মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ের মাঠে যান। তাঁরা বিদ্যালয়ের ছাত্রীদের লক্ষ্য করে কটূক্তি করতে থাকেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী বিষয়টি শিক্ষকদের জানালে সহকারী শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম ওই বখাটে যুবকদের বিদ্যালয় থেকে চলে যেতে বলেন। বখাটে যুবকেরা উল্টো তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। পরে বিদ্যালয়ের সব শিক্ষক রসিকে ধরে অফিসকক্ষে নিয়ে যান। এ সময় রসির দুই সহযোগী পালিয়ে যান।এদিকে বখাটে রসির আটকের খবর তাঁর পরিবার ও স্বজনদের কাছে পৌঁছালে তারা এসে বিদ্যালয়ের গ্রিল ভেঙে অফিসকক্ষে প্রবেশের চেষ্টা করে। এ সময় তারা অফিসকক্ষে বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় বিদ্যালয়ের সব শ্রেণীর পাঠদান দুই ঘণ্টা পর্যন্ত বন্ধ থাকে। এ খবর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে পৌঁছালে তাঁরা বিদ্যালয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রসিকে তাঁর অভিভাবকের কাছে সোপর্দ করেন। বর্তমানে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রভাবশালী বখাটেদের ভয়ে আতঙ্কে রয়েছে বলে জানা গেছে।এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বাইরে ছিলাম। বিকেলে বিদ্যালয়ে এসে ঘটনাটি শুনেছি। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, গতকাল সোমবার সকালে চাপাইর বি বি উচ্চবিদ্যালয়ে গিয়েছিলাম। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।