কালিয়াকৈরে বন কর্মকর্তার কার্যালয় ঘেরাও
গাজীপুরের কালিয়াকৈরে বনপ্রহরী-বিট কর্মকর্তার সংঘর্ঘের জেরে বনপ্রহরীরা উপজেলার কাচিঘাটা ফরেস্ট রেঞ্জের সদর বিট কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন বিটের বনপ্রহরীরা বিট কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে রাখেন। এলাকাবাসী ও বিট অফিস সূত্রে জানা গেছে, অবৈধ গজারিগাছ বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে গত বৃহস্পতিবার উপজেলার কাচিঘাটা বিট অফিসের বিট কর্মকর্তা মোতালেব হোসেনের সঙ্গে বনপ্রহরী নূর নবীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গতকাল সকালে ৫০-৬০ জন বনপ্রহরী নূর নবীর পক্ষ নিয়ে উপজেলার বিট কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে রাখেন। পরে বিট কর্মকর্তা মোতালেব হোসেন অন্য কর্মকর্তা সিদ্দিক মিয়ার সহযোগিতায় কার্যালয় থেকে পালিয়ে যান। এ সময় বনপ্রহরীরা বিট কর্মকর্তাকে না পেয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়ভীতি দেখিয়ে চলে যান।বিট কর্মকর্তা মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বনপ্রহরী নূর নবীর সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে কার্যালয়ের ভেতর আপত্তিকর ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বনপ্রহরীরা গতকাল কার্যালয়ে হামলা চালিয়ে ঘেরাও করে রাখেন। বনপ্রহরী নূর নবী জানান, ‘বিট কর্মকর্তা মোতালেবকে টাকা না দেওয়ায় তিনি কার্যালয়ের ভেতর আমাকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন বিটের বনপ্রহরীরা আমাকে সমবেদনা জানাতে গতকাল বিট অফিস ঘেরাও করে রাখেন।’কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা আবদুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি বিভাগের অভ্যন্তরীণ, তাই বিভাগীয়ভাবেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।