কালিয়াকৈরে বন বিভাগের জমিতে কারখানার গ্যাসলাইন স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিটের খাড়াজোড়া এলাকায় একটি কারখানার কর্তৃপক্ষ বন বিভাগের জমির ওপর দিয়ে অবৈধভাবে গ্যাস পাইপলাইন স্থাপন করেছে। গ্যাস পাইপলাইন স্থাপনে বন কর্মকর্তারা সহযোগিতা করছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।এলাকাবাসী জানান, উপজেলার খাড়াজোড়া এলাকায় সমাহার সোয়েটার লিমিটেড নামের একটি কারখানা ব্যক্তিগত রেকর্ডের জমির পাশাপাশি বন বিভাগের জমি দখল করে। একই সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ পর্যন্ত একটি রাস্তা তৈরি করে। রাস্তার পুরোটাই রয়েছে বন বিভাগের জমির ওপর দিয়ে। চন্দ্রা রেঞ্জের দায়িত্বে থাকা পূর্বের রেঞ্জার ও বিট কর্মকর্তারা সেটি বন্ধ করার চেষ্টা করলেও বর্তমান রেঞ্জার ও বিট কর্মকর্তার সহযোগিতায় রাস্তাটি সচল হয়ে যায়। এর মধ্যে কারখানা কর্তৃপক্ষ গত রোববার থেকে বনের জমি কেটে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন স্থাপনের কাজ শুরু করেন। ওই এলাকা থকে চন্দ্রা রেঞ্জ অফিস খুবই কাছে ও সব সময় নজরদারিতে রাখার মতো। এলাকাবাসী গ্যাস পাইপলাইন স্থাপনের সময় থেকে বিট কর্মকর্তা মো. সরফরাজকে জানালেও কোনো বাধা সৃষ্টি করেননি। বরং গ্যাস পাইপলাইন স্থাপনে সহযোগিতা করেছেন। কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের একটি জবরদখলকৃত মোট জমির তালিকা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সামাহার কারখানাটি উপজেলার বক্তারপুর মৌজার ৭ দশমিক ৬৮ একর জমি দখল করেছে। এ ব্যাপারে হাইকোর্টের সিভিল রিভিশন ৫৩৩ (বন)/২০০৫ বিচারাধীন আছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, কালিয়াকৈর দমকল স্টেশনের সামনে মহাসড়কের উল্টো পাশে বন বিভাগের জমির ওপর দিয়ে তৈরি করা একটি রাস্তা করেছে ওই কারখানাটি। সেই অবৈধ রাস্তার পাশ দিয়ে নতুন করে জায়গা দখল করে গ্যাস পাইপ স্থাপন করছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার ওই স্থানে গিয়ে দেখা গেছে, গ্যাস পাইপ স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু বাকি সংযোগ দেওয়া। কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আরহাম খান জানান, চন্দ্রা বিটের আওতায় উপজেলার বোডমিল এলাকায় দীর্ঘ পূর্বে গড়ে বনের জমিতে যেসব বাড়ি রয়েছে তাদের ভয়ভীতি দেখিয়ে গার্ড আনোয়ারসহ কয়েকজন গার্ড প্রায় টাকাপয়সা আদায় করেন। সমাহার কারখানার কন্সট্রাকশন কর্মকর্তা আবদুল আজিজ গ্যাস পাইপ স্থাপনের সত্যতা নিশ্চিত করে বলেন, কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই গ্যাস পাইপলাইন স্থাপন করা হয়েছে।চন্দ্রা বিটের কর্মকর্তা মো. সরফরাজ জানান, ‘আমরা বাধা দিয়েছি, কিন্তু কারখানা কর্তৃপক্ষ না শুনলে আমাদের কী করার আছে। এ ছাড়া ঊর্ধ্বতন বন কর্মকর্তারাও বিষয়টি জানেন। তার পরও এ ব্যাপারে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করেছি।’চন্দ্রা রেঞ্জের রেঞ্জার সফিউদ্দিন জানান, ‘গ্যাস পাইপলাইন স্থাপনে এখানকার কোনো কর্মকর্তার যোগসাজশ থাকতে পারে, তবে আমি জনবলের অভাবে কাজ বন্ধ করতে পারিনি। পুলিশের সহযোগিতা চেয়েছি, তারাও তেমন কোনো সহযোগিতা করেনি। এ ছাড়া বিভাগীয় বন কর্মকর্তাকে জানিয়েছি। তিনি গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঘটনাস্থলে আসেননি। তাই আমার একার পক্ষে তাদের সঙ্গে পেরে ওঠা সম্ভব হয়নি।’কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, দখলের কাজ শেষ হওয়ার পর তারা দায় এড়ানোর জন্য থানায় জানিয়েছেন, আগে তাদের কোনো তৎপরতা ছিল না।