কালিয়াকৈরে বন বিভাগের লাগানো এক হাজার চারা তুলেছে গ্রামবাসী
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা আদর্শ উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে বন বিভাগের লাগানো এক হাজার গাছের চারা গ্রামবাসী গতকাল শনিবার তুলে ফেলেছে।এ সময় স্কুলপ্রাঙ্গণে শতাধিক গ্রামবাসী চারা রোপণ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ও রেঞ্জ কর্মকর্তা সফিউদ্দিনের অপসারণ দাবি করে।এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয় নিজস্ব জায়গায় গড়ে উঠলেও সম্প্রতি স্কুল কর্তৃপক্ষ বন বিভাগের জমির ওপর থাকা দীর্ঘদিনের খেলার মাঠটির উঁচু-নিচু অংশ মেরামত করে। পরে বন কর্মকর্তারা গত শুক্রবার খেলার মাঠে প্রায় এক হাজার গাছ রোপণ করেন। গতকাল ভোরে গ্রামবাসী সেসব চারা তুলে যার যার বাড়িতে নিয়ে যায়।স্কুলের প্রধান শিক্ষক সামছুল আলম বলেন, এলাকায় কোনো উচ্চমাধ্যমিক বিদ্যালয় নেই। তাই গ্রামবাসী স্কুলটি প্রতিষ্ঠা করে। এ কারণে স্কুলের খেলার মাঠে বন বিভাগের গাছ রোপণের ঘটনায় উত্তেজিত গ্রামবাসী সেগুলো তুলে নিয়েছে।রেঞ্জ কর্মকর্তা সফিউদ্দিন বলেন, ‘বন বিভাগের বিনা অনুমতিতে তারা মাঠ তৈরি করেছিল। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মাঠে গাছ লাগিয়েছিলাম। কিন্তু গ্রামবাসী তা তুলে নিয়েছে।’