কালিয়াকৈরে বনের জমিতে স্থাপনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় বনের জায়গায় ভবন নির্মাণ করা হচ্ছে (ওপরে)। চন্দ্রা বিট অফিসের আওতাধীন এলাকায় নির্মাণ করা হচ্ছে চৌচালা টিনের ঘর (বাঁয়ে)। কালামপুর এলাকায় নির্মাণ করা হচ্ছে ভবন। ছবিগুলো গতকাল তোলা l প্রথম আলো
কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় বনের জায়গায় ভবন নির্মাণ করা হচ্ছে (ওপরে)। চন্দ্রা বিট অফিসের আওতাধীন এলাকায় নির্মাণ করা হচ্ছে চৌচালা টিনের ঘর (বাঁয়ে)। কালামপুর এলাকায় নির্মাণ করা হচ্ছে ভবন। ছবিগুলো গতকাল তোলা l প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি দখল করে ভবনসহ বেশ কিছু কাঁচা-পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈরে প্রায় সাড়ে ২১ হাজার একরের বেশি বন আছে। এ বনকে কালিয়াকৈর ও কাচিঘাটা দুটি রেঞ্জে ভাগ করা হয়েছে। দুটি রেঞ্জের আওতায় বোয়ালী, রঘুনাথপুর, খলশাজানি, জাথালিয়া, চন্দ্রা, মৌচাক, বাড়ৈপাড়া, কাশিমপুর, সাভার নামে নয়টি বিট অফিস আছে। এ ছাড়া ভান্নারা ও গোবিন্দপুর নামে আরও দুটি সাব-বিট অফিস আছে। এসব বনের জমি রাতারাতি দখল করে শিল্প-কারখানা, বহুতল ভবনসহ বহু কাঁচা-পাকা স্থাপনা গড়ে উঠছে। ফলে উজাড় হয়ে যাচ্ছে বন। বনের গাছ উজাড় ও জমি দখলের সঙ্গে বনদস্যু, ভূমিদস্যু ও বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করে আসছেন।
সম্প্রতি কালিয়াকৈর ও কাচিঘাটা এ দুটি রেঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের আওতাধীন এলাকায় সবচেয়ে বেশি কারখানা, বহুতল ভবনসহ বিভিন্ন কাঁচা-পাকা স্থাপনা গড়ে উঠছে। গজারি বাগানসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে বনের জমিতে এসব কাঁচা-পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। চন্দ্রা বিট অফিসের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, অফিসের আওতায় হরতকিচালা গ্রামের এক ব্যক্তি ৩০ হাত লম্বা একটি চারচালা ঘর তুলে ভিটা পাকা করছেন। চন্দ্রার কালামপুর এলাকায় শিল্প কুঞ্জ পার্কের সামনে হুমায়ুন মিয়াসহ তিন-চারজন মিলে ছয়তলাবিশিষ্ট দুটি ভবনের নির্মাণকাজ করছেন। কালামপুর এলাকার পুরোনো সিনেমা হলসংলগ্ন বনের জমিতে বহুতল একটি ভবনের কাজ করছেন সিরাজ উদ্দিন।
জানতে চাইলে সিরাজ উদ্দিন বলেন, নিজের জমিতেই তিনি নির্মাণকাজ করছেন। তবে তাঁর জমির দুই পাশে বনের জমি আছে। এ জন্য চন্দ্রা বিট অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেই কাজ করা হচ্ছে। হুমায়ুন মিয়াও একই ধরনের কথা বলেন।
চন্দ্রা এলাকার একাধিক বাসিন্দা বলেন, কালামপুরসহ আশপাশের এলাকায় প্রতিনিয়ত বনের জমিতে নতুন নতুন ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। এসব নির্মাণকাজের সঙ্গে বন কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে।
চন্দ্রা বন বিটের কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বন বিভাগের জমি দখলের খবর পাওয়ামাত্র উচ্ছেদ অভিযান চালানো হয়।
গাজীপুর অঞ্চলের বিভাগীয় সহকারী বন সংরক্ষক এনামুল হক বলেন, বনের জমি দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ অভিযান অব্যাহত আছে। অভিযোগ পেলেই দ্রুত সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।