কালিয়াকৈরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ২০
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে রংপুরগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতগামী আলুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত ও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন বাসচালক ও বগুড়ার শেরপুরের সেরুয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে দুলাল মিয়া (৪৫) এবং বগুড়া সদরের কুকরো গ্রামের আবদুল জলিলের স্ত্রী হাসিনা বেগম (২৭)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশের ধারণা, নিহত অন্যজন ট্রাকের চালক কিংবা হেলপার হতে পারেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকের ওই সংঘর্ষে রংপুরগামী এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-০২-০১৯৮) কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি আলুভর্তি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-১০৬২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের চালক দুলাল মিয়া ও ট্রাকের চালক অজ্ঞাত ঘটনাস্থলেই নিহত হন। এতে বাসের কমপক্ষে ২০ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে বাসযাত্রী হাসিনা (২৭), জালাল মিয়া (৫০), মোফাজ্জল, (৫০), সামসুল হক (৪৫), আবুল হোসেন (৩০), মো. জিন্নাহ (৩০), নজরুল ইসলাম (৩০), রফিকুল ইসলাম (৪৫) ও শহীদুল ইসলামকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিনা মারা যান।