কালিয়াকৈরে বাসের কাউন্টার বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর এলাকায় খানাখন্দের মেরামতকাজ কয়েক দিন বন্ধ রাখার পর গতকাল রোববার সকাল থেকে আবার শুরু করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। অপরদিকে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার উত্তরবঙ্গের প্রায় ১১৭টি সড়কের চারটি যাত্রীবাহী পরিবহনের টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়ায় ঈদে ঘরমুখী যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেখা গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া, বাসন, কোনাবাড়ী, মৌচাক, চন্দ্রা, কালিয়াকৈর বাইপাস সড়ক ও কালিয়াকৈর-নবীনগর সড়কের কবিরপুর, জিরানী বাজারসহ বেশ কয়েকটি স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছিল। সেগুলো এখনো মেরামত না করায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিনই যানবাহনগুলো বিকল হয়ে পড়ছে। এ ব্যাপারে গতকাল পত্রিকায় খবর প্রকাশিত হলে গতকাল সকাল ১০টার দিকে কালিয়াকৈর বাইপাস সড়কের রেলওয়ে ওভারব্রিজের পশ্চিম পাশের গর্তগুলো সওজের মেরামত করতে দেখা গেছে। এ ছাড়া চন্দ্রা ত্রিমোড় এলাকার গোলচত্বরে আগের মেরামত করা ইটের খোয়া ও বালু উঠে গিয়ে নতুন করে গর্তের সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে কালিয়াকৈর থানার পরিদর্শক (ওসি তদন্ত) ওমর ফারুক বলেন, নামমাত্র যে মেরামত করা হচ্ছে, সেগুলো এক দিন টানা বৃষ্টি হলেই উঠে গিয়ে আগের মতো গর্ত হয়ে যাবে। মেরামতের দায়িত্বে থাকা আ. মান্নান জানান, কাজ করার সময় সড়কে যানজট হতে পারে চিন্তা করে কাজ বন্ধ ছিল, কিন্তু ওপরের নির্দেশে আবার কাজ শুরু করা হয়েছে।সরেজমিনে গিয়ে জানা গেছে, উত্তরবঙ্গের প্রায় ১১৭টি সড়কের ৪৫টি যাত্রীবাহী পরিবহনের কাউন্টার ছিল উপজেলার চন্দ্রা এলাকায়। কাউন্টারগুলো উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ আগস্ট থেকে বন্ধ করে দেয়, যাতে ওই স্থানে জটলার সৃষ্টি না হতে পারে। কিন্তু গতকাল ওই স্থানে ঈদের ছুটিতে ঘরমুখী যাত্রীরা বাসের অপেক্ষায় ভিড় করেছিল। বগুড়ার আদমদীঘি গ্রামের জুয়েল আহাম্মেদ কাজ করেন উপজেলার পূর্ব চান্দরা লিবাস ফ্যাশন কারখানায়। গতকাল সকালে তিনি বাসের জন্য অপেক্ষা করেন। তিনি বলেন, ‘ঢাকার বাসগুলোর কাউন্টার চন্দ্রায় থাকায় টিকিট নিয়ে আগে চিন্তা করিনি। কিন্তু এখানে এসে কাউন্টার বন্ধ থাকায় বিপাকে পড়েছি, কারও কাছে কোনো বাসের টিকিট পাচ্ছি না। যাওয়ার জন্য বাস থাকলেও সিট না থাকায় দাঁড়িয়ে যেতে হবে।’ চন্দ্রা এলাকার হানিফ পরিবহনের কাউন্টারের সুপারভাইজার সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা চন্দ্রায় প্রায় ৪৫টি কাউন্টারে শতাধিক কর্মচারী কাজ করি। হঠাৎ পুলিশ কাউন্টারগুলো বন্ধ করে দেওয়ায় আমরা যেমন বিপদে পড়েছি, তেমনি যাত্রীরাও দুর্ভোগের মধ্যে পড়েছেন।’ গোড়াই মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, চন্দ্রা থেকে গোড়াই পর্যন্ত এখনো প্রচুর খানাখন্দ রয়েছেকালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, মহাসড়কের যানজটের কথা মাথায় রেখেই সড়কের পাশ থেকে কাউন্টারগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। তবে খাড়াজোড়া এলাকায় আলাদা বাসস্ট্যান্ড রয়েছে। সেখানে ইচ্ছা করলে কাউন্টারগুলো চালু করা যেতে পারে।