কালিয়াকৈরে বিএনপির বহিষ্কৃত নেতার জাতীয় পার্টিতে যোগদান
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বহিষ্কৃত নেতা খন্দকার আবদুস সালাম দীর্ঘদিন রাজনীতি থেকে সরে থাকার পর জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। কালিয়াকৈর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০৫ সালের ৪ নভেম্বর কালিয়াকৈর বিএনপির নেতা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবদুস সালামকে দল থেকে বহিষ্কার করা হয়। তার পর থেকে দীর্ঘদিন রাজনীতির মাঠে তাঁকে দেখা যায়নি। অবশেষে কালিয়াকৈর জাতীয় পার্টির হাল ধরার মতো কেউ না থাকায় তিনি সম্প্রতি জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।যোগদান উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে খন্দকার আবদুস সালাম সাংবাদিকদের জানান, কালিয়াকৈরে জাতীয় পার্টি ঝিমিয়ে পড়েছিল। এখন থেকে আবার নতুনভাবে উজ্জীবিত করে তোলা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: কালিয়াকৈর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, আলফাজ উদ্দিন, কলিম উদ্দিন, দেওয়ান ইব্রাহীম, শফিউদ্দিন প্রমুখ।