কালিয়াকৈরে বিএনপির মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালুক শিমুলতলী এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপির এক পক্ষের তৈরি করা মঞ্চ অপর পক্ষ ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকায় বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা পৃথক বিক্ষোভ করেছেন।এলাকাবাসী ও নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, উপজেলার সূত্রাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল ও যুবদলের কমিটি গঠন করার জন্য উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ আহাম্মেদ গতকাল এক সভার আয়োজন করেন। ওই সভার জন্য উপজেলার তালুক শিমুলতলী এলাকায় একটি মঞ্চ তৈরি করা হয়। ওই সভা ও কমিটি গঠনের বিরোধিতা করে উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবিদুর রহমানের নেতৃত্বে বিএনপির অপর একটি পক্ষ গতকাল আড়াইটার দিকে ওই এলাকায় অবস্থান করে। এ সময় সভাস্থলে নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে সভার জন্য তৈরি করা মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে দুই পক্ষের নেতা-কর্মীরা পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ আহাম্মেদ জানান, খোকনের নেতৃত্বে দলের কিছু উচ্ছৃঙ্খল কর্মী সভার জন্য তৈরি করা মঞ্চটি ভেঙে দিয়েছেন। সহসাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান জানান, সংগঠনের অনুমতি ছাড়া কমিটি গঠন ও সভা করায় এলাকার নেতা-কর্মীরাই ওই মঞ্চ ভেঙে দিয়েছেন।উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়েদুল আলম বলেন, ‘ওই ওয়ার্ডে কমিটি গঠন বা সভা করার বিষয়টি আমার জানা নেই।’ গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ: রাজধানী ঢাকাকে বিভক্ত ও বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকার ওপর হামলার প্রতিবাদে গতকাল গাজীপুরে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গাজীপুর শহরে বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির নেতা হুমায়ুন কবির মাস্টার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম, হান্নান মিয়া, মেহেদি হাসান, মোখলেছুর রহমান প্রমুখ। পরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।