লোডশেডিং বন্ধের দাবিতে গতকাল সোমবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার পল্লী বিদ্যুতের সাব-স্টেশন ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে উপজেলার চন্দ্রা ও হরিণহাটি গ্রামের দুই শতাধিক লোক লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর চন্দ্রা জোনাল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা কার্যালয়ে হামলা চালিয়ে দরজা-জানালার গ্লাস, মোটরসাইকেল ও ফ্যান ভাঙচুর করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ তিনজনকে আটক করে। তাঁরা হলেন শহিদুল, শরিফুল ও ভুলো মিয়া।স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, চন্দ্রা, সফিপুর বাজার, মৌচাক, হরিণহাটি ও বিশ্বাসপাড়া এলাকায় ১০-১৫ দিন ধরে বিদ্যুৎ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর চন্দ্রা জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোখলেছুর রহমান জানান, প্রতিদিন ৯০ মেগাওয়াট চাহিদার বিপরীতে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এখান থেকে কালিয়াকৈর সাব-স্টেশন, টাঙ্গাইলের মির্জাপুর, সাভার ইপিজেড ও সাভার বাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ ছাড়া উপজেলার মৌচাক ফিডারে ৩০ মেগাওয়াটের বিপরীতে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে বাধ্য হয়ে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনকে আটক করা হয়েছে।