কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও ট্রাকের ধাক্কায় দুজনের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় গতকাল রোববার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোরশেদুল ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। অন্যদিকে একই দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়ে জাহাঙ্গীর আলম (৩০) নামের এক বাসচালক নিহত হয়েছেন। মৃত মোরশেদুলের পরিবার জানান, তিনি দুপুরে নিজ বাসায় টিভির এন্টিনা মেরামত করতে যান। হঠাৎ বিদ্যুতের একটি তার এন্টিনার সঙ্গে সংযুক্ত হয়। এতে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই মোরশেদুল মারা যান। সড়ক দুর্ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় বোরাক পরিবহনের চালক জাহাঙ্গীর রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে চাকায় হাওয়া দিচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বালুভর্তি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাঁকে চন্দ্রা জনসেবা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।