কালিয়াকৈরে বিসিএস আনসার কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্স শুরু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ৩০তম বিসিএস আনসার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ কোর্স গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আনসার একাডেমি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স বিভাগের ডিন অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন। কোর্স আয়োজনকারী কর্তৃপক্ষ জানায়, ১৫ মাসব্যাপী কোর্সটি চলবে। কোর্স শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সাপেক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে মাস্টার্স অব হিউম্যান সিকিউরিটি বিষয়ে সনদ দেওয়া হবে। কোর্সে ৩৫ জন বিসিএস আনসার কর্মকর্তা অংশগ্রহণ করছেন।