কালিয়াকৈরে বিস্ফোরক ও গুলি উদ্ধারের ঘটনায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত পুলিশ বা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘র‌্যাব-১ কয়েক দিন ধরেই কাজ করে বিপুল পরিমাণ বিস্ফোরক ও গুলি উদ্ধার করে। কিন্তু আমাদের জানানো হয় গত বুধবার রাত তিনটার দিকে। খবর পেয়ে আমি এবং গাজীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল হোসেন ঘটনাস্থলে যাই। পরে ওই সব বিস্ফোরক দ্রব্য গর্ত থেকে উদ্ধার করা হয়।’ওসি আমির হোসেন জানান, র‌্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। র‌্যাবের পাশাপাশি পুলিশও তদন্তে নেমেছে।র‌্যাব-১-এর উপপরিচালক মেজর নিশাদুল ইসলাম খান প্রথম আলোকে জানান, ‘আমরা বিষয়টি তদন্ত করছি, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’র‌্যাবের ভাষ্যমতে, নিশ্চিন্তপুর গজারি বন থেকে মাটির নিচে লুকানো অবস্থায় পাঁচ বস্তা তাজা গুলি ও একটি ট্রাংকভর্তি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। বস্তায় ৫০টি প্যাকেটে ১৩ হাজার ৫৮২টি গুলি ও ট্রাংকে ১৩ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০টি ডেটোনেটর, ১৩৫ ফুট রেকডেক্স, ১৭টি আইসি ও ১২টি ব্যাটারি কানেক্টর পাওয়া যায়।