কালিয়াকৈরে বিয়েবাড়িতে হামলা, বর-কনেসহ ১৫ জন আহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর গ্রামে গত শুক্রবার খোয়াজ উদ্দিনের ছেলের বিয়ের বৌভাত অনুষ্ঠানে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। সন্ত্রাসীদের হামলায় বর-কনে ও আত্মীয়স্বজনসহ কমপক্ষে ১৫ জন আহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালামপুর গ্রামের খোয়াজ উদ্দিনের বাড়িতে ছেলে খোকন মিয়ার বিয়ে উপলক্ষে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৌভাতে অতিথিরা যখন খাবার খাচ্ছিলেন, তখন হঠাত্ করে পাঁচ-ছয়জন যুবক মাতাল অবস্থায় মেহমানদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। পরে বাড়ির লোকজন ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় অতিথিরা শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দেন। শফিকুলকে আটক করার খবর তাঁর বাড়ির পার্শ্ববর্তী সিনাবহ গ্রামে ছড়িয়ে পড়লে ২০-২২ জন লোক লাঠি নিয়ে সংঘবদ্ধ হয়ে ওই বিয়েবাড়িতে হামলা চালিয়ে প্যান্ডেল, চেয়ার-টেবিল ভাঙচুর ও লুটপাট করে। হামলায় বর-কনেসহ কমপক্ষে ১৫ জন আহত হন। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে শফিকুল ইসলাম (২৫), মামুন (২২) ও রানা (২৭) নামের তিনজনকে আটক করে।এ ব্যাপারে খোয়াজ উদ্দিন কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।