কালিয়াকৈরে বিয়ের আসর থেকে বর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় গতকাল শুক্রবার বিয়ের আসর থেকে বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করতে গিয়েছিলেন। গ্রেপ্তারকৃত বর হলেন কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা এলাকার বারেক বেপারীর ছেলে মো. শাহীন আলম (২৬)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা এলাকার শাহীন আলম ২০০৬ সালে খুলনার বটিয়াঘাটা থানার হরিণটুনা গ্রামের ইছাক সরকারের মেয়ে পারভীন আক্তারকে বিয়ে করেন। তাঁদের ঘরে একটি সন্তানও রয়েছে। বেশ কিছুদিন আগে স্বামীর নির্যাতন সইতে না পেরে এবং পারিবারিক কলহের জের ধরে পারভীন বাবার বাড়িতে চলে যান। পরে পারভীন স্বামী শাহীনের বিরুদ্ধে খুলনা আদালতে একটি মামলা করেন। সেই মামলায় শাহীনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।শাহীন তাঁর প্রথম বিয়ের কথা গোপন রেখে গতকাল শুক্রবার পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় আ. বারেকের মেয়ে সাজেদা আক্তারকে বিয়ে করতে যান। সাজেদা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। লোক মারফত খবর পেয়ে শাহীনের প্রথম স্ত্রী পারভীন বিষয়টি কালিয়াকৈর থানাকে অবহিত করেন। পরে কালিয়াকৈর থানার পুলিশ গতকাল শুক্রবার দুপুরে বিয়ের আসর থেকে বর শাহীনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সঙ্গের লোকজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত শাহীন গাজীপুরের জিরানী এলাকায় কেটিব গার্মেন্টস কারখানায় কোয়ালিটি অপারেটর হিসেবে কাজ করতেন।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. কুতুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর শাহীন তাঁর প্রথম বিয়ের কথা গোপন রেখে তাঁর বন্ধু ও বন্ধুপত্নীদের নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন।