কালিয়াকৈরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত মঙ্গলবার দিবাগত রাতে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার পুলিশ লাশটি উদ্ধার করে।নিহত পরিয়ন নেছা (৬০) উপজেলার উত্তর হিজলতলী এলাকার মৃত ইছামুদ্দিনের স্ত্রী।পরিয়ন নেছার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর হিজলতলী এলাকায় ছেলে ও ছেলের বউকে নিয়ে বাস করতেন পরিয়ন নেছা। নিজ ঘরে ঘুমিয়ে পড়ার পর মঙ্গলবার রাত দুইটার দিকে কে বা কারা বৃদ্ধাকে জবাই করে পালিয়ে যায়। এ সময় শব্দ পেয়ে পাশের ঘরে থাকা ছেলে হুমায়ুন সরকার মায়ের ঘরে ঢুকে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।ইউপি চেয়ারম্যান সোলাইমান হোসেন জানান, যে ঘরে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেখানকার রক্ত পুলিশ যাওয়ার আগেই ধুয়ে ফেলা হয়। এ ছাড়া বৃদ্ধার শরীরের একপাশ অনেক দিন ধরেই পক্ষাঘাতগ্রস্ত ছিল। তাঁকে হত্যার বিষয়টি রহস্যজনক।