কালিয়াকৈরে বৃষ্টির পানি কমেছে, দুর্ভোগ কমেনি
গত দুই দিনে বৃষ্টি না হওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পানি কমা শুরু করেছে। তবে পৌরসভার বহু বাড়িঘরে এখনো পানি। ফলে ওই সব বাড়িঘরে থাকা পরিবারগুলোর দুর্ভোগ এখনো কমেনি।এলাকাবাসীর ভাষ্যমতে, গত কয়েক দিনের টানা বর্ষণে কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), বিশ্বাসপাড়া, হাবিবপুর, শিয়ালপাড়া, পূর্ব চন্দ্রা ও রূপনগরসহ উপজেলার ১৫-১৬টি নিম্নাঞ্চল এলাকায় পানি জমে যায়। একপর্যায়ে পানিতে শত শত বাড়িঘর প্লাবিত হয়। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার বৃষ্টি না হওয়ায় বেশির ভাগ এলাকায় পানি কমেছে। তবে পৌরসভার হরিণহাটি, বিশ্বাসপাড়া, শিয়ালপাড়া ও রূপনগর এলাকায় গতকাল পর্যন্ত অনেক বাড়িঘরে পানি ছিল। পৌর কার্যালয় সূত্র জানায়, পৌরসভার যেসব এলাকায় পানি জমে ছিল বা এখনো জমে আছে, ওই সব এলাকার কয়েকটি কারখানা ও বাড়ির মালিকেরাই দায়ী। তারা ওই এলাকার দুই পাশের নর্দমায় মাটি ও ছোট পাইপ ফেলে পানি নিষ্কাশনের পথ সংকুচিত করে ফেলে। ফলে নর্দমা দিয়ে স্বাভাবিক গতিতে পানি যেতে পারছে না। হরিণহাটি এলাকার কারখানা শ্রমিক আবদুর রহমান বলেন, চার-পাঁচ দিন দিন ধরে ঘরে পানি রেখেই খাটে ঘুমাতে হয়েছে। এখন পানি কমলেও রাস্তায় পানি থাকায় যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে। কালিয়াকৈর পৌরসভার প্রশাসক মজিবুর রহমান বলেন, ‘কিছু কিছু এলাকায় এখনো পানি রয়েছে, তবে ধীরে ধীরে চলে যাচ্ছে। পৌরসভার অনুমতি ছাড়া অনেকেই নর্দমায় মাটি ফেলে তা সংকুচিত করে ফেলেছে। যার কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে যাতে নর্দমার ওপর কোনো স্থাপনা গড়ে তুলতে না পারে, সেদিকে নজর রাখা হবে।