কালিয়াকৈরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা
দুই দিনের ভারী বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলার ফুলিবাড়িয়া ও ঢালজোড়া ইউনিয়নের বহু ঘরবাড়িতে পানি উঠেছে এবং অন্তত ১০টি পুকুর ডুবে গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই দিন ধরে ভারী বর্ষণের ফলে পৌরসভার হরিণহাটি, বিশ্বাসপাড়া, শিয়ালপাড়া ও রূপনগর এলাকায় শতাধিক বাড়িঘরে পানি উঠেছে। বিশ্বাসপাড়া ও হরিণহাটি যাওয়ার দুটি সড়কের অন্তত আধা কিলোমিটার এলাকা হাঁটুপানিতে তলিয়ে আছে। হরিণহাটি এলাকার ইয়াছিন মণ্ডল গতকাল বুধবার প্রথম আলোকে জানান, মাটি দিয়ে ভরাট করে বিভিন্ন কারখানা তৈরির সময় আশপাশের নালা সংকুচিত হয়ে পড়েছে। এতে পানির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়েছে। এ কারণে এলাকার বাড়িঘরে পানি ঢুকে পড়ছে। এসব নালা দখলমুক্ত করা না হলে ভবিষ্যতে পরিস্থিতির আরও অবনতি হবে।চন্দ্রা এলাকার ব্যবসায়ী দেওয়ান মাহফুজুর রহমান বলেন, এলাকার অনেকেই প্রভাব খাটিয়ে ড্রেনের ওপর দোকান তুলেছেন। এসব দোকান উচ্ছেদ করা উচিত।পৌরসভার প্রশাসক মজিবুর রহমান বলেন, ‘কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। গত দুই দিনে এর তীব্রতা বেড়েছে। এ কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমি উপস্থিত থেকে ড্রেনগুলো পরিষ্কার করিয়েছি। আশা করছি, পানি রাতের মধ্যে নেমে যাবে।’