কালিয়াকৈরে ব্যবসায়ীকে পিটিয়ে ১০ হাজার টাকা ছিনতাই
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সন্ত্রাসীরা রাসেল হোসেন (২৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মেদিয়াশুলাই বাজারে এ ঘটনা ঘটে।রাসেলের পরিবার জানিয়েছে, কালিয়াকৈর বাজারে কণা পোলট্রি ফিড নামে রাসেলের হাঁস-মুরগির খাবারের একটি দোকান রয়েছে। তারা জানিয়েছে, রাসেল ওই রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মেদিয়াশুলাই বাজারে পৌঁছালে স্থানীয় বাসিন্দা শাহ আলমের নেতৃত্বে ছয়-সাতজনের একদল সন্ত্রাসী হকিস্টিক ও লোহার রড নিয়ে তাঁর ওপর হামলা চালায়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। যাওয়ার আগে তারা রাসেলের সঙ্গে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।রাসেলের বাবা শফিকুল ইসলাম কালিয়াকৈর থানায় মামলা করেছেন। ওই থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ আলী শেখ জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।