কালিয়াকৈরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৪
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যবসায়ী নূরুল হক মাতাব্বরের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত সদস্যদের প্রহারে গৃহকর্তা নূরুল হকসহ কমপক্ষে চারজন আহত হন।ডাকাতকবলিত পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর হিজলতলী গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ১৫-১৬ জনের একদল সশস্ত্র ডাকাত কলাপসিবল গেট ও ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাত সদস্যরা ব্যবসায়ী নূরুল হকের স্ত্রী গুলেকজানের কান ছিঁড়ে জোরপূর্বক কানের দুল খুলে নেয়। পরে ডাকাতদল আলমারি ভেঙে ফেলতে গেলে বাড়ির লোকজন বাধা দিলে ডাকাতেরা গৃহকর্তা নূরুল হক মাতাব্বর (৫৫), তাঁর ছেলে মফিজুল হক (২৮), শাহীন মিয়া (২২) ও সুমন মিয়াকে (৩০) ছুরিকাঘাত করে। একপর্যায়ে বাড়ির লোকজনের আর্তচিৎকারে আশপাশের লোকজন ও কালিয়াকৈর থানার টহল পুলিশ এলে ডাকাতেরা পালিয়ে যায়। পরে পুলিশ ও আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে নূরুল হককে ঢাকার শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের কালিয়াকৈর বাজারের রাবেয়া-সখিনা হাসপাতালে ভর্তি করেছে।ব্যবসায়ী নূরুল হকের ভাতিজা শহিদুল ইসলাম দাবি করে বলেন, ডাকাত সদস্যরা চারটি মুঠোফোন ও তিন-চার ভরি স্বর্ণালংকার লুট করেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, দ্রুত টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দুর্বৃত্তরা কিছু নিতে পারেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পূর্বশত্রুতার জের ধরেও হয়ে থাকতে পারে।