কালিয়াকৈরে ব্যাংক কর্মকর্তার হাতে শিক্ষক লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখায় উপজেলার চাপাইর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রহমান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষক গতকাল মঙ্গলবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।লিখিত ওই অভিযোগের সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে চাপাইর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রহমান ২০১১ সালের শিক্ষা সমাপনী পরীক্ষার ফি জমা দিতে সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখায় যান। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ক্যাশিয়ার ওই প্রধান শিক্ষককে ব্যাংকের শাখা অফিসার (ক্যাশ) দেওয়ান ওয়াহিদের কাছে যেতে বলেন। সেখানে গেলে দেওয়ান ওয়াহিদ শিক্ষকের দেওয়া টাকার মধ্যে খুচরো টাকা বেশি থাকায় টাকাগুলো ছুড়ে ফেলে দেন এবং এই টাকা জমা নেওয়া হবে না বলে জানিয়ে দেন। এ সময় প্রধান শিক্ষক এর কারণ জানতে চাইলে দেওয়ান ওয়াহিদ ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি চেয়ার থেকে উঠে এসে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেন। পরে বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপক নুরুল আলম আজাদকে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে প্রধান শিক্ষকের কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকের স্টাফ জাকিরের মাধ্যমে পুনরায় ওয়াহিদ সাহেবের কাছে পাঠান। কিন্তু তিনি এবারও টাকা জমা নেওয়া হবে না জানিয়ে তা ফেরত দেন। পরে শাখা ব্যবস্থাপক টাকাগুলো তাঁর কাছে রেখে শিক্ষককে বাড়ি চলে যেতে বলেন। কিন্তু প্রধান শিক্ষক টাকা ফেরত নিয়ে বাড়ি চলে যান।শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে ব্যাংক কর্মকর্তা দেওয়ান ওয়াহিদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি ওই শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করিনি। তবে ওই দিন ব্যাংকে প্রচণ্ড ভিড় ছিল।’সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখার ব্যবস্থাপক নুরুল আলম আজাদ বলেন, ‘বিষয়টি শিক্ষকের কাছ থেকে জানার পর আমি মৌখিকভাবে দেওয়ান ওয়াহিদকে সংশোধন হওয়ার জন্য বলেছি।’ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাওড়িয়াচালা ফটিক মার্কেট এলাকায় পোশাক তৈরির একটি কারখানায় ডাকাতি হয়। এ ঘটনায় পুলিশ হাফিজ উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গত সোমবার রাতে উপজেলার চন্দ্রা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া হাফিজ উদ্দিনকে সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে আবেদন করা হয়েছে।উল্লেখ্য, ৪ আগস্ট রাতে কালিয়াকৈর হাওড়িয়াচালা ফটিক মার্কেট এলাকার জেডএস নিট ফেব্রিকস লিমিটেড নামের পোশাক তৈরির একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়। দুর্বৃত্তরা এক কোটি ১৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে মালিকপক্ষ দাবি করেছে। এ ঘটনায় কারখানার পরিচালক সফিউদ্দিন বাদী হয়ে পরদিন কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।