কালিয়াকৈরে বড় ভাইকে কুপিয়ে হত্যা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান এলাকায় গতকাল শুক্রবার এক তরুণ তাঁর বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ছোট ভাই রায়হান মিয়া (১৮) পলাতক। নিহত ব্যক্তি হলেন ঠেঙ্গারবান মুসল্লিপাড়ার মো. ইউসুফ আলীর ছেলে মো. জহিরুল ইসলাম (২৫)। পরিবার ও পুলিশের ভাষ্যমতে, জহিরুল গতকাল বেলা আড়াইটার দিকে বাড়ির পাশে কয়েকটি গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় ছোট ভাই রায়হান একটি কাঠ দিয়ে পেছন থেকে জহিরুলের মাথায় আঘাত করেন। জহিরুল মাটিতে লুটিয়ে পড়লে দা দিয়ে তাঁর মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন রায়হান। পরে জহিরুলকে একটি বস্তায় ভরে বাড়ির পাশের পরিত্যক্ত শৌচাগারের গর্তে ফেলে দেওয়া হয়। গর্তটি খড়-পাতা দিয়ে ঢাকার সময় দেখে ফেলেন তাঁদের মা জমিরন নেছা। একপর্যায়ে দৌড়ে পালিয়ে যান রায়হান। তাঁর মা খড়-পাতা সরিয়ে বস্তায় রক্তাক্ত অবস্থায় বড় ছেলেকে দেখে চিৎকার করেন। আশপাশের লোকজন এসে বস্তা থেকে জহিরুলকে বের করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।