কালিয়াকৈরে ভুল চিকিৎসায় গৃহবধূ মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কান্দাপাড়া এলাকার একজন গৃহবধূ ভুল চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর নাম শেফালী রানী (২৫)। তিনি সচিন্দ্র চন্দ্র রায়ের স্ত্রী।গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, শেফালী রানী ও সচিন্দ্র দম্পতির দুটি ছেলেমেয়ে রয়েছে। সম্প্রতি অনাকাঙ্ক্ষিতভাবে শেফালী অন্তঃসত্ত্বা হন। এ পরিপ্রেক্ষিতে স্বামী-স্ত্রী মিলে সিদ্ধান্ত নেন, তাঁরা আর কোনো সন্তান নেবেন না। ৩ জুলাই তাঁরা চিকিৎসকের পরামর্শ নিতে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। হাসপাতালের ফটকে পৌঁছালে মিঠুন নামের একজন দালাল তাঁদের নিয়ে যান কালিয়াকৈর কলেজ রোডের পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে সচিন্দ্র জানান, শেফালী অন্তঃসত্ত্বা হয়েছেন ১৬ সপ্তাহের বেশি হয়েছে। কিন্তু ক্লিনিকের এসএসসি পাস মালিক সবুজ রেজা নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে তাঁদের আশ্বস্ত করেন, শেফালী রানীর মাসিক নিয়মিতকরণ (এমআর) সম্ভব। এর জন্য দুই হাজার টাকা চুক্তি করেন। শেফালীকে দুই দিন ক্লিনিকে রেখে এমআর করানো হয়। ক্লিনিক থেকে বাড়িতে যাওয়ার পরই রাতে শেফালীর পেট ফুলে ওঠে। পরদিন শেফালী রানীকে আবার ওই ক্লিনিকে নিয়ে যান সচিন্দ্র। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়।শেফালীর স্বামী সচিন্দ্র জানান, মির্জাপুর হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসকেরা জানান, শেফালীর অবস্থা খুবই খারাপ। তাঁর জরায়ু ছিদ্র হয়ে গেছে। সেখানে প্রায় ২০ দিন চিকিৎসার পর শুক্রবার ভোরে শেফালীর মৃত্যু হয়। এ ব্যাপারে সচিন্দ্র আইন সহায়তা কেন্দ্রের কালিয়াকৈর শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।যোগাযোগ করা হলে ক্লিনিকের মালিক সবুজ রেজা দাবি করেন, ক্লিনিকটি চালালেও তিনি চিকিৎসক পরিচয় দেননি। তিনি বলেন, শেফালীকে একজন দক্ষ নার্স এমআর করিয়েছেন। তাঁর অবস্থা খারাপ হওয়ায় মির্জাপুর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, ওই ক্লিনিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।