কালিয়াকৈরে ভূমিহীনদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্ছেদ নোটিশ প্রত্যাহারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন অর্ধশত ভূমিহীন পরিবারের সদস্যরা। ক্ষেতমজুর সমিতির উদ্যোগে উপজেলার পূর্ব চান্দরা রেলগেটসংলগ্ন দুর্গামন্দির মাঠে গতকাল বুধবার তাঁরা এ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা জানান, পূর্ব চান্দরাসহ আশপাশের কয়েকটি এলাকায় ২৫-৩০ বছর থেকে বসবাসকারী ৫০টি ভূমিহীন পরিবারকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা থেকে সম্প্রতি উচ্ছেদ নোটিশ দেওয়া হয়। নোটিশ প্রত্যাহার ও পুনর্বাসন না হওয়া পর্যন্ত উচ্ছেদ না করার দাবিতে তাঁরা এ বিক্ষোভ সমাবেশ করেন। আদিবাসী সমিতির সভাপতি রতিলাল বর্মণের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য হজরত আলী, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ঊষারঞ্জন কোচসহ অন্যরা। প্রতিবাদ সমাবেশ থেকে সরকারি জমিতে বসবাসরত ভূমিহীনদের পুনর্বাসন না করে উচ্ছেদ না করতে গাজীপুর জেলা প্রশাসক ও সরকারের কাছে দাবি জানানো হয়।