কালিয়াকৈরে মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল মঙ্গলবার বিকেলে একটি মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বড়ইতলী গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন কয়েক বছর আগে সাত শতাংশ জমি কিনে একটি মন্দির স্থাপন করেন। কিন্তু গ্রামের অমূল্য শীল ও তাঁর ভাইয়েরা ওই জমি নিজেদের দাবি করে দীর্ঘদিন ধরে দখল করার চেষ্টা করছেন। গতকাল বিকেলে অমূল্য শীলের নেতৃত্বে ১২-১৩ জন ওই জমি দখলে নেওয়ার জন্য সেখানে টিনের ঘর তৈরি করতে যান। এ সময় মন্দির কমিটির সদস্য দীনেশ শীলসহ গ্রামের অন্য বাসিন্দারা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। এর পরপরই উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জাড়িয়ে পড়ে। পরে খরব পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে রামপ্রসাদ শীল, শ্যামপ্রসাদ শীল, দীনেশ শীল, অমূল্য শীল, দিলীপ শীল, গোবিন্দ শীল ও অনন্ত শীলকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন।অমূল্য শীল দাবি করেন, অনেক দিন আগে ওই জমি তাঁর বাবা কিনেছিলেন। জমিতে ঘর তুলতে গেলে এলাকার লোকজন তাঁদের ওপর হামলা চালায়।তবে মন্দির কমিটির সদস্য দীনেশ শীল জানান, অমূল্য শীল ভুয়া দলিল তৈরি করে মন্দিরের নামে কেনা জমি দখল করার চেষ্টা করছেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, পুলিশ সংঘর্ষের খবর পেয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।