কালিয়াকৈরে মলম পার্টির ১৩ সদস্য গ্রেপ্তার তিন দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীনগর-কালিয়াকৈর সড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সময় এলাকাবাসী মলম পার্টির ১৩ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাদের তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এসএসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই সড়কের টাঙ্গাইলগামী তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গত শনিবার রাতে গাজীপুর সদর উপজেলার জিরানী বাজার থেকে নর্দার্ন ফ্যাশন লিমিটেডের কয়েকজন শ্রমিক ওঠেন। ওই যাত্রীবাহী বাসে ১৫-১৬ জনের একদল মলম পার্টির সদস্য ছিল। পথে তারা বাসের যাত্রীদের ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে দুই হাজার টাকা ও স্বর্ণের চেইন লুট করে। বাসটি চন্দ্রা এলাকার কাছাকাছি পৌঁছালে যাত্রীরা চিত্কার করতে থাকে। পরে বাসের চালক কৌশলে বাসটি থামিয়ে দিলে এলাকাবাসী ঘেরাও করে ১৩ জন মলম পার্টির সদস্যকে আটক করে পুলিশে খবর দেয়। কালিয়াকৈর থানার পুলিশ এসে ১৩ জনকে গ্রেপ্তার করে। পুলিশ তাদের কাছ থেকে চারটি ধারালো অস্ত্র ও লুট হওয়া মালামাল উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলো আবু জাহিদ (২২), মাসুদ হোসেন (১৮), রনি (২০), রাজ্জাক (২০), মানিক মিয়া (২৭), রিয়াজুল (২৫), বাবুল ওরফে বাবু (২৩), মিলন (২৫), নাজমুল হোসেন (২২), মনির হোসেন (২৫), জাকির (২০), মনিরুজ্জামান (২৬) ও শাহাদত (২৫)।