কালিয়াকৈরে মাদক বিক্রি বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পাবুুরিয়াচালা এমএমপি উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার বিকেলে মাদক বিক্রি বন্ধের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এলাকাবাসী জানান, ওই এলাকার পাবুরিয়াচালা, মোথাজুড়ি, মনতলা, গাইনচালা, নাগেরচালা, কোকিলাচালা, গোয়ালচালা ও কাঁচিঘাটা গ্রামে দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও ফেনসিডিলের ব্যবসা করে আসছেন একদল মাদক ব্যবসায়ী। এতে ওই গ্রামগুলোর উঠতি বয়সের ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে পড়ছে। সম্প্রতি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা ওই গ্রামগুলো থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছেন। এলাকাবাসী শত চেষ্টা করেও মাদক বিক্রি বন্ধ করতে পারেনি।গতকাল বিকেল চারটার দিকে ওই সব গ্রামের শত শত বাসিন্দা মাদক বিক্রি বন্ধের দাবিতে পাবুুরিয়াচালা এমএমপি উচ্চবিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভার আয়োজন করে। ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বর্তমান ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম, মুক্তার আলী, মজিবুর রহমান, আবদুল কাদের, হাফিজ উদ্দিন প্রমুখ।