কালিয়াকৈরে মাদকদ্রব্য উদ্ধার, পাঁচজনের কারাদণ্ড
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রামপুর এলাকায় অভিযান চালিয়ে ২১ হাজার ৫০০ লিটার দেশি মদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। গত রোববার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালায়। এ সময় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তিদের জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।র্যাব-১ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী পল সরকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে ধ্বংস করা হয়। গ্রেপ্তার হওয়া জগদীশচন্দ্র বর্মণ, যোগেশচন্দ্র বর্মণ ও হীরালালচন্দ্র বর্মণকে ২১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সুশীলা বর্মণ ও রীনা রাণী বর্মণকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পল সরকারের বিরুদ্ধেও মামলা হয়েছে।